
8
প্রতিমার প্রসাদ বিষয়ক কথা
1 আর প্রতিমার কাছে উৎসৃষ্ট বলির বিষয়- আমরা জানি যে, আমাদের সকলের জ্ঞান আছে। জ্ঞান গর্বিত করে, কিন্তু প্রেমই গাঁথিয়া তুলে। 2 যদি কেহ মনে করে, সে কিছু জানে, তবে যেরূপ জানিতে হয়, তদ্রূপ এখনও জানে না; 3 কিন্তু যদি কেহ ঈশ্বরকে প্রেম করে, সেই তাঁহার জানা লোক। 4 ভাল, প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভোজনের বিষয়ে আমরা জানি, প্রতিমা জগতে কিছুই নয়, এবং ঈশ্বর এক ছাড়া দ্বিতীয় নাই। 5 কেননা কি স্বর্গে কি পৃথিবীতে যাহাদিগকে দেবতা বলা যায়, এমন কতকগুলি যদিও আছে- বাস্তবিক অনেক দেবতা ও অনেক প্রভু আছে- 6 তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাঁহা হইতে সকলই হইয়াছে, ও আমরা যাঁহারই জন্য; এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রীষ্ট, যাঁহার দ্বারা সকলই হইয়াছে, এবং আমরা যাঁহারই দ্বারা বিদ্যমান আছি।
7 তবে কি না সকলের এই জ্ঞান নাই; কিন্তু কতক লোক অদ্যাপি প্রতিমার সংশ্রবে থাকায় প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি, জ্ঞানেই বলি ভোজন করে; এবং তাহাদের বিবেক দুর্বল বলিয়া কলুষিত হয়। 8 কিন্তু খাদ্যদ্রব্য আমাদিগকে ঈশ্বরের কাছে গ্রাহ্য করায় না; ভোজন না করিলে আমাদের ক্ষতি হয় না, ভোজন করিলেও আমাদের বৃদ্ধি হয় না। 9 কিন্তু সাবধান, তোমাদের এই ক্ষমতা যেন কোন ক্রমে দুর্বলদের ব্যাঘাতজনক না হয়। 10 কারণ, তোমার ত জ্ঞান আছে, তোমাকে যদি কেহ দেবালয়ে ভোজনে বসিতে দেখে, তবে সে দুর্বল লোক বলিয়া তাহার বিবেক কি প্রতিমার কাছে উৎসৃষ্ট বলি ভোজন করিতে সাহস পাইবে না? ৮:১০ (যথাক্ষর) গাঁথিয়া তোলা হইবে না? 11 বস্তুতঃ তোমার জ্ঞান দ্বারা সেই ভ্রাতা যাহার নিমিত্ত খ্রীষ্ট মরিয়াছেন, সেই দুর্বল ব্যক্তি বিনষ্ট হয়। 12 এইরূপে ভ্রাতৃগণের বিরুদ্ধে পাপ করিলে, ও তাহাদের দুর্বল বিবেকে আঘাত করিলে, তোমরা খ্রীষ্টের বিরুদ্ধে পাপ কর। 13 অতএব খাদ্যদ্রব্য যদি আমার ভ্রাতার বিঘ্ন জন্মায়, তবে আমি কখনও মাংস ভোজন করিব না, পাছে আমার ভ্রাতার বিঘ্ন জন্মাই।