দানিয়েলের পুস্তক

ভূমিকা

যিহূদীরা যখন একজন বিধর্মী রাজার নিদারুণ অত্যাচারে ভীষণভাবে নিপীড়িত হইতেছিল, দানিয়েলের পুস্তকটি সেই সময়ে লেখা। কাহিনী ও দর্শনের বিবরণ দিয়া লেখক তাঁহার সমকালীন লোকদের মনে এই আশা ও ভরসা জাগাইয়া অনুপ্রেরণা দিয়াছিলেন যে, ঈশ্বর ঐ স্বৈরাচারীর পতন ঘটাইবেন এবং ঈশ্বরের প্রজাদের সার্বভৌম অধিকার পুনরুদ্ধার করিবেন।

পুস্তকটির দুইটি প্রধান ভাগ: (১) দানিয়েল ও তাঁহার নির্বাসিত জীবনের কয়েক জন সঙ্গীর কাহিনী, যাঁহারা ঈশ্বরের উপর অকুণ্ঠ বিশ্বাস ও বাধ্যতার গুণে তাঁহাদের শত্রুদের উপর জয়লাভে সমর্থ হইয়াছিলেন। এই কাহিনীগুলি বাবিলীয় ও পারসীক সম্রাটদের রাজত্বকালের কাহিনী। (২) দানিয়েলের দেখা পর পর প্রতীকী দর্শনগুলি কতকগুলি সাম্রাজ্যের পর পর উত্থান ও পতনের পূর্বাভাস, যাহা শুরু হইবে বাবিল হইতে এবং বিধর্মী অত্যাচারী রাজার পতন হইবে। ঈশ্বরের প্রজাবৃন্দ বিজয়লাভ করিবে।

বিষয়বস্তুর রূপরেখা:

দানিয়েল ও তাঁহার বন্ধুগণ – ১:১—৬:২৮

দানিয়েলের দর্শন – ৭:১—১১:৪৫

(ক) চারিটি জন্তু – ৭:১-২৮

(খ) মেষ ও ছাগ – ৮:১—৯:২৭

(গ) স্বর্গদূত – ১০:১—১১:৪৫

(ঘ) শেষকাল – ১২:১-১৩