12

1 আর সেই দিন তুমি বলিবে,

হে সদাপ্রভু, আমি তোমার স্তবগান করিব;

কেননা তুমি আমার প্রতি ক্রুদ্ধ ছিলে,

কিন্তু তোমার ক্রোধ নিবৃত্ত হইয়াছে,

আর তুমি আমাকে সান্ত্বনা করিতেছ।

2 দেখ, ঈশ্বর আমার পরিত্রাণ;

আমি সাহস করিব, ভীত হইব না;

কেননা সদাপ্রভু যিহোবা আমার বল ও গান;

তিনি আমার পরিত্রাণ হইয়াছেন।

3 এই জন্য তোমরা আহ্লাদ সহকারে পরিত্রাণের উনুই সকল হইতে জল তুলিবে। 4 আর সেই দিন তোমরা বলিবে,

সদাপ্রভুর স্তব কর, তাঁহার নামে ডাক,

জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জ্ঞাত কর,

তাঁহার নাম উন্নত, এই বলিয়া কীর্তন কর।

5 সদাপ্রভুর উদ্দেশে সঙ্গীত কর;

কেননা তিনি মহিমার কর্ম করিয়াছেন;

তাহা সমস্ত পৃথিবীর জ্ঞানগোচর হউক।

6 অয়ি সিয়োন-নিবাসিনি! উচ্চধ্বনি কর, আনন্দগান কর;

কেননা যিনি ইস্রায়েলের পবিত্রতম,

তিনি তোমার মধ্যে মহান।