35

1 প্রান্তর ও জলশূন্য স্থান আমোদ করিবে,

মরুভূমি উল্লসিত হইবে, গোলাপের ন্যায় উৎফুল্ল হইবে।

2 সে পুষ্পবাহুল্যে উৎফুল্ল হইবে,

আর আনন্দ ও গান সহকারে উল্লাস করিবে;

তাহাকে দত্ত হইবে লিবানোনের প্রতাপ, কর্মিলের ও শারোণের শোভা;

তাহারা দেখিতে পাইবে সদাপ্রভুর প্রতাপ, আমাদের ঈশ্বরের শোভা।

3 দুর্বল হস্ত সবল কর, কম্পিত জানু সুস্থির কর।

4 চপলচিত্তদিগকে বল, সাহস কর, ভয় করিও না;

দেখ, তোমাদের ঈশ্বর প্রতিশোধসহ ঈশ্বরীয় প্রতীকারসহ আসিতেছেন,

তিনিই আসিয়া তোমাদের পরিত্রাণ করিবেন।

5 তৎকালে অন্ধদের চক্ষু খোলা যাইবে,

আর বধিরদের কর্ণ মুক্ত হইবে।

6 তৎকালে খঞ্জ হরিণের ন্যায় লম্ফ দিবে,

ও গোঙ্গাদের জিহ্বা আনন্দগান করিবে;

কেননা প্রান্তরে জল উৎসারিত হইবে,

ও মরুভূমির নানা স্থানে প্রবাহ হইবে।

7 আর মরীচিকা ৩৫:৭ (বা) তপ্ত বালুকা। জলাশয় হইয়া যাইবে,

ও শুষ্কভূমি জলের উনুইতে পরিপূর্ণ হইবে;

শৃগালদের নিবাসে, সেইগুলি যেখানে শয়ন করিত,

তথায় নল খাগড়ার বন হইবে।

8 আর সেই স্থানে এক জাঙ্গাল ও রাজপথ হইবে;

তাহা পবিত্রতার পথ বলিয়া আখ্যাত হইবে;

তাহা দিয়া কোন অশুচি লোক যাতায়াত করিবে না,

কিন্তু তাহা উহাদের জন্য হইবে;

সেই পথে পথিকগণ, অজ্ঞানেরাও পরিভ্রমণ করিবে না। ৩৫:৮ (বা) তিনিও তাহাদের জন্য সেই পথে যাইবেন, আর অজ্ঞানেরা [তথায়] পরিভ্রমণ করিবে না।

9 সেখানে সিংহ থাকিবে না,

কোন হিংস্রক জন্তু তাহাতে উঠিবে না,

সেখানে তাহা দেখা যাইবেই না;

কিন্তু মুক্তিপ্রাপ্ত লোকেরা সেই পথে চলিবে;

10 আর সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে,

আনন্দগান পূর্বক সিয়োনে আসিবে,

এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষমুকুট থাকিবে;

তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে,

এবং খেদ ও আর্তস্বর দূরে পলায়ন করিবে।