52

1 জাগ, জাগ, হে সিয়োন বল পরিধান কর;

পবিত্র নগরী যিরূশালেম, তোমার রম্য বস্ত্র সকল পরিধান কর,

কেননা এখন অবধি তোমার মধ্যে অচ্ছিন্নত্বক্‌ কি অশুচি লোক

আর প্রবেশ করিবে না।

2 গাত্রের ধুলা ঝাড়িয়া ফেল,

হে যিরূশালেম, উঠ, উপবেশন কর;

হে বন্দি সিয়োন-কন্যে, তোমার গ্রীবার বন্ধন সকল খুলিয়া ফেল।

3 কারণ সদাপ্রভু এই কথা কহেন, তোমরা বিনামূল্যে বিক্রীত হইয়াছিলে, 4 আর বিনারৌপ্যে মুক্ত হইবে। কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার প্রজারা পূর্বে মিসরে প্রবাস করিবার জন্য তথায় নামিয়া গিয়াছিল; আবার অশূর অকারণে তাহাদের প্রতি দৌরাত্ম্য করিল। 5 আর সদাপ্রভু কহেন, এখন এই স্থানে আমার কি আছে? কেননা আমার প্রজাগণ বিনামূল্যে নীত হইয়াছে। সদাপ্রভু কহেন, তাহাদের কর্তারা চিৎকার করিতেছে, এবং আমার নাম সমস্ত দিন অবিরত নিন্দিত হইতেছে। 6 এই জন্য আমার প্রজাগণ আমার নাম জানিবে, এই জন্য তাহারা সেই দিন [জানিবে] যে, আমিই কথা কহিতেছি; দেখ, এই আমি।

7 আহা! পর্বতগণের উপরে তাহারই চরণ কেমন শোভা পাইতেছে,

যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে,

মঙ্গলের সুসমাচার প্রচার করে,

পরিত্রাণ ঘোষণা করে, সিয়োনকে বলে,

তোমার ঈশ্বর রাজত্ব করেন।

8 তোমার প্রহরিগণের রব!

তাহারা উচ্চধ্বনি করিতেছে,

তাহারা একসঙ্গে আনন্দগান করিতেছে,

কেননা সদাপ্রভু যখন সিয়োনে ফিরিয়া আইসেন,

তখন তাহারা প্রত্যক্ষ দেখিবে।

9 হে যিরূশালেমের উৎসন্ন স্থান সকল,

উচ্চরব কর, একসঙ্গে আনন্দগান কর,

কেননা সদাপ্রভু আপন প্রজাদিগকে সান্ত্বনা করিয়াছেন,

তিনি যিরূশালেমকে মুক্ত করিয়াছেন।

10 সদাপ্রভু সর্বজাতির দৃষ্টিতে আপন পবিত্র বাহু অনাবৃত করিয়াছেন;

আর পৃথিবীর সমুদয় প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখিবে।

11 চল চল, সেই স্থান হইতে বাহির হও,

অশুচি কোন বস্তু স্পর্শ করিও না,

উহার মধ্য হইতে বাহির হও;

হে সদাপ্রভুর পাত্রবাহকগণ, তোমরা বিশুদ্ধ হও।

12 কেননা তোমরা ত্বরান্বিত হইয়া বাহিরে যাইবে না,

পলায়নের দ্বারা গমন করিবে না;

কারণ সদাপ্রভু তোমাদের অগ্রে অগ্রে যাইবেন,

ইস্রায়েলের ঈশ্বর তোমাদের পশ্চাদ্বর্তী হইবেন।

সদাপ্রভুর দাসের অবনতি ও তৎপরবর্তী উন্নতি

13 দেখ, আমার দাস কৃতকার্য হইবেন; ৫২:১৩ (বা) বুদ্ধিপূর্বক চলিবেন। তিনি উচ্চ ও উন্নত ও মহামহিম হইবেন। 14 মনুষ্য অপেক্ষা তাঁহার আকৃতি, মানব-সন্তানগণ অপেক্ষা তাঁহার রূপ বিকারপ্রাপ্ত বলিয়া যেমন অনেকে তাঁহার বিষয়ে হতবুদ্ধি হইত, 15 তেমনি তিনি অনেক জাতিকে চকিত করিবেন, তাঁহার সম্মুখে রাজারা মুখ বদ্ধ করিবে; কেননা তাহাদের কাছে যাহা বলা হয় নাই, তাহারা তাহা দেখিতে পাইবে; তাহারা যাহা শুনে নাই, তাহা বুঝিতে পারিবে।