যিরমিয়ের বিলাপ

ভূমিকা

বিলাপ একটি কাব্যগ্রন্থ, পাঁচটি কবিতার সঙ্কলন। খ্রীষ্টপূর্ব ৫৮৬ অব্দে যিরূশালেম ধ্বংস হইবার পর সেই প্রলয়-তাণ্ডব ও নির্বাসনের শোকগাথা রচিত হয়। বিস্ময়ের ব্যাপার এই যে, শোকগাথা হইলেও এই গ্রন্থটির ছত্রে ছত্রে অন্তঃসলিলা ফল্গুধারার মত ঈশ্বরের প্রতি সুদৃঢ় বিশ্বাস ও একটি সম্ভাবনাময় ভবিষ্যতের আশার সুর শুনিতে পাওয়া যায়।

এই কবিতাগুলি যিহূদী লোকেরা প্রত্যেক বৎসর খ্রীষ্টপূর্ব ৫৮৬ অব্দের সেই জাতীয় ধ্বংসলীলার স্মরণে শোক ও উপবাসের মাধ্যমে উপাসনায় ব্যবহার করিত।

বিষয়বস্তুর রূপরেখা:

যিরূশালেমের দুঃখভোগ পর্ব – ১:১-২২

যিরূশালেমের দণ্ডভোগ পর্ব – ২:১-২২

দণ্ডদান ও আশার সুর – ৩:১-৬৬

যিরূশালেমের ভগ্নদশা – ৪:১-২২

পাপহেতু শাস্তি ও ক্ষমার জন্য প্রার্থনা – ৫:১-২২