11

1 ছলনার নিক্তি সদাপ্রভুর ঘৃণিত;

কিন্তু ন্যায্য বাটখারা তাঁহার তুষ্টিকর।

2 অহঙ্কার আসিলে অপমানও আইসে;

কিন্তু প্রজ্ঞাই নম্রদের সহচর।

3 সরলদের সিদ্ধতা তাহাদিগকে পথ দেখাইবে;

কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাহাদিগকে নষ্ট করিবে।

4 ক্রোধের দিনে ধন উপকার করে না;

কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে রক্ষা করে।

5 সিদ্ধের ধার্মিকতা তাহার পথ সরল করে;

কিন্তু দুষ্ট নিজ দুষ্টতায় পতিত হয়।

6 সরলদের ধার্মিকতা তাহাদিগকে উদ্ধার করে;

কিন্তু বিশ্বাসঘাতকেরা নিজ নিজ কামনায় ধরা পড়ে।

7 দুষ্ট মরিলে তাহার আশ্বাস নষ্ট হয়;

আর অধর্মের প্রত্যাশা বিনাশ পায়।

8 ধার্মিক সঙ্কট হইতে উদ্ধার পায়,

কিন্তু দুষ্ট তাহার স্থানে উপস্থিত হয়।

9 মুখ দ্বারা পাষণ্ড আপন প্রতিবাসীকে নষ্ট করে;

কিন্তু জ্ঞান দ্বারা ধার্মিকগণ উদ্ধার পায়।

10 ধার্মিকদের মঙ্গল হইলে নগরে উল্লাস হয়;

দুষ্টদের বিনাশ হইলে আনন্দগান হয়;

11 সরল লোকদের আশীর্বাদে নগর উন্নত হয়;

কিন্তু দুষ্টদের বাক্যে তাহা উৎপাটিত হয়।

12 যে প্রতিবাসীকে তুচ্ছ করে, সে বুদ্ধিবিহীন;

কিন্তু বুদ্ধিমান নীরব হইয়া থাকে।

13 অপবাদকারী গুপ্ত কথা ব্যক্ত করে;

কিন্তু যে আত্মায় বিশ্বস্ত, সে কথা গোপন করে।

14 সুমন্ত্রণার অভাবে প্রজালোক পতিত হয়;

কিন্তু মন্ত্রি-বাহুল্যে জয় নিশ্চিত হয়।

15 যে অপরের জামিন হয়, সে নিশ্চয় ক্লেশ পায়;

কিন্তু যে জামিনের কর্ম ঘৃণা করে, সে নিরাপদ।

16 অনুগ্রহশালিনী স্ত্রী সম্মান ধরিয়া রাখে,

আর দুর্দান্তেরা ধন ধরিয়া রাখে।

17 দয়ালু আপন প্রাণের উপকার করে;

কিন্তু নির্দয় আপন মাংসের কণ্টক স্বরূপ।

18 দুষ্ট মিথ্যা বেতন উপার্জন করে;

কিন্তু যে ধার্মিকতার বীজ বুনে, সে সত্য বেতন পায়।

19 যে ধার্মিকতায় অটল, সে জীবন পায়;

কিন্তু যে দুষ্টতার পিছনে দৌড়ায়, সে নিজ মৃত্যু ঘটায়।

20 বক্রচিত্তেরা সদাপ্রভুর ঘৃণার পাত্র;

কিন্তু যাহারা আপন পথে সিদ্ধ, তাহারা তাঁহার সন্তোষের পাত্র।

21 হস্তে হস্ত দিলেও দুষ্ট অদণ্ডিত থাকিবে না;

কিন্তু ধার্মিকদের বংশ রক্ষা পাইবে।

22 যেমন শূকরের নাসিকায় সুবর্ণের নথ,

তেমনি সুবিচার-ত্যাগিনী সুন্দরী স্ত্রী।

23 ধার্মিকদের মনোভিলাষ কেবল উত্তম,

দুষ্টদের প্রত্যাশা ক্রোধমাত্র।

24 কেহ কেহ বিতরণ করিয়া আরও বৃদ্ধি পায়;

কেহ কেহ বা ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে।

25 দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়,

জল-সেচনকারী আপনিও জলে সিক্ত হয়।

26 যে শস্য আটক করিয়া রাখে, লোকে তাহাকে শাপ দেয়;

কিন্তু যে শস্য বিক্রয় করে, তাহার মস্তকে আশীর্বাদ বর্তে।

27 যে সযত্নে মঙ্গল চেষ্টা করে, সে প্রীতির অন্বেষণ করে;

কিন্তু যে অমঙ্গল খুঁজিয়া বেড়ায়, তাহারই প্রতি তাহা ঘটে।

28 যে আপন ধনে নির্ভর করে, সে পতিত হয়;

কিন্তু ধার্মিকগণ সতেজ পল্লবের ন্যায় প্রফুল্ল হয়।

29 যে নিজ পরিবারের কণ্টক, সে বায়ু অধিকার করে;

আর অজ্ঞান বিজ্ঞচিত্তের দাস হয়।

30 ধার্মিকের ফল জীবনবৃক্ষ;

এবং জ্ঞানবান [অপরদের] প্রাণ লাভ করে।

31 দেখ, পৃথিবীতে ধার্মিক প্রতিফল পায়।

তবে দুর্জন ও পাপী আরও কত না পাইবে!