1

প্রথম খণ্ড

(১—৪১)

1 ধন্য সেই ব্যক্তি,

যে দুষ্টদের মন্ত্রণায় চলে না,

পাপীদের পথে দাঁড়ায় না,

নিন্দুকদের সভায় বসে না।

2 কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে,

তাঁহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে।

3 সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে,

যাহা যথা সময়ে ফল দেয়,

যাহার পত্র ম্লান হয় না;

আর সে যাহা কিছু করে,

তাহাতেই কৃতকার্য হয়।

4 দুষ্টগণ সেইরূপ নহে;

কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়।

5 এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না,

পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না।

6 কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন,

কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে।