101

দায়ূদের সঙ্গীত।

1 আমি দয়া ও শাসনের বিষয় গাহিব;

হে সদাপ্রভু, তোমারই প্রশংসা গান করিব।

2 আমি বিবেচনাপূর্বক সিদ্ধপথে গমন করিব;

তুমি কবে আমার নিকটে আসিবে?

আমার গৃহমধ্যে আমি হৃদয়ের সিদ্ধতায় চলিব।

3 আমি কোন জঘন্য পদার্থ চক্ষের সম্মুখে রাখিব না,

আমি বিপথগামীদের ক্রিয়া ঘৃণা করি,

তাহা আমাতে লিপ্ত হইবে না।

4 কুটিল অন্তঃকরণ আমা হইতে দূরে যাইবে;

দুষ্টতার সহিত আমার পরিচয় হইবে না।

5 যে জন গোপনে প্রতিবাসীর পরীবাদ করে,

তাহাকে আমি উচ্ছেদ করিব;

যাহার সাহংকার দৃষ্টি ও গর্বিত হৃদয়,

তাহাকে সহ্য করিব না।

6 দেশের বিশ্বস্ত লোকদের প্রতি আমার দৃষ্টি থাকিবে;

তাহারা আমার সহিত বাস করিবে;

যে সিদ্ধ পথে চলে, সেই আমার পরিচারক হইবে।

7 প্রতারণাকারী আমার গৃহমধ্যে বাস করিবে না;

মিথ্যাবাদী আমার চক্ষুর্গোচরে স্থির থাকিবে না।

8 প্রতি প্রভাতে আমি দেশস্থ সকল দুষ্টকে বিনষ্ট করিব;

যেন সমস্ত অধর্মাচারীকে সদাপ্রভুর নগর হইতে উচ্ছিন্ন করি।