11

প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের।

1 আমি সদাপ্রভুর শরণ লইয়াছি;

তোমরা কি ভাবিয়া আমার প্রাণকে বল,

পক্ষীর ন্যায় তোমাদের পর্বতে উড়িয়া যাও;

2 কেননা দেখ, দুষ্টগণ ধনুকে চাড়া দিতেছে,

আপন আপন বাণ গুণে যোগ করিতেছে,

যেন সরলচিত্তদিগকে অন্ধকারে বিদ্ধ করে;

3 যদি মূলবস্তু সকল উৎপাটিত হয়,

তবে ধার্মিক কি করিবে?

4 সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন;

সদাপ্রভু, তাঁহার সিংহাসন স্বর্গে;

তাঁহার চক্ষু নিরীক্ষণ করিতেছে,

তাঁহার চক্ষুর পাতা মনুষ্য-সন্তানদের পরীক্ষা করিতেছে।

5 সদাপ্রভু ধার্মিকের পরীক্ষা করেন,

কিন্তু দুষ্ট ও দৌরাত্ম্যপ্রিয় লোক তাঁহার প্রাণের ঘৃণাস্পদ।

6 তিনি দুষ্টদের উপরে পাঁশ বর্ষণ করিবেন,

অগ্নি, গন্ধক ও উত্তপ্ত বায়ু তাহাদের পানপাত্রের পেয় দ্রব্য।

7 কেননা সদাপ্রভু ধর্মময়, ধর্মকর্মই ভালবাসেন;

সরল লোক তাঁহার শ্রীমুখ দর্শন করিবে।