111

1 তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

আমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব,

সরল লোকদের সভায় ও মণ্ডলীর মধ্যে করিব।

2 সদাপ্রভুর কর্ম সকল মহৎ;

তৎপ্রীত সকলে সেই সকল অনুশীলন করে।

3 তাঁহার ক্রিয়া প্রভা ও প্রতাপস্বরূপ,

তাঁহার ধর্মশীলতা নিত্যস্থায়ী।

4 তিনি নিজ আশ্চর্য ক্রিয়া সকল স্মরণীয় করিয়াছেন;

সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল।

5 তিনি আপন ভয়কারিগণকে আহার দিয়াছেন;

তিনি আপনার নিয়ম চিরকাল স্মরণ করিবেন।

6 তিনি নিজ প্রজাদিগকে আপন ক্রিয়ার শক্তি জ্ঞাত করিয়াছেন,

তাহাদিগকে জাতিগণের অধিকার দান করিয়াছেন।

7 তাঁহার হস্তের কর্ম সকল সত্য ও ন্যায্য;

তাঁহার সমস্ত বিধি বিশ্বসনীয়।

8 সেই সকল অনন্তকালের নিমিত্ত স্থিরীকৃত,

সত্যে ও সরলতায় প্রণীত।

9 তিনি আপন প্রজাদের কাছে মুক্তি পাঠাইয়াছেন;

তিনি চিরকাল তরে আপন নিয়ম স্থির করিয়াছেন;

তাঁহার নাম পবিত্র ও ভয়াবহ।

10 সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ;

যে কেহ তদনুযায়ী কর্ম করে, সে সদ্বুদ্ধি পায়;

তাঁহার প্রশংসা নিত্যস্থায়ী।