112

1 তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

ধন্য সেই জন, যে সদাপ্রভুকে ভয় করে,

যে তাঁহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়।

2 তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে;

সরল লোকের গোষ্ঠী ধন্য হইবে।

3 তাহার গৃহে ধন ও ঐশ্বর্য থাকে,

তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী।

4 সরল লোকের জন্য অন্ধকারে জ্যোতি উদিত হয়;

সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক।

5 যে জন কৃপা করে ও ঋণ দেয়, তাহার মঙ্গল হয়;

সে বিচারে আপনার কথা নিষপন্ন করিবে।

6 কারণ সে কোন কালে বিচলিত হইবে না;

ধার্মিক চিরকাল স্মরণে থাকিবে।

7 অশুভ সংবাদেও সে ভয় করিবে না;

তাহার চিত্ত স্থির, তাহা সদাপ্রভুতে নির্ভর করে।

8 তাহার চিত্ত সুস্থির; সে ভয় করে না,

শেষে সে আপন বিপক্ষদের দশা দেখিবে।

9 সে বিতরণ করিয়াছে,

দরিদ্রদিগকে দান করিয়াছে,

তাহার ধার্মিকতা নিত্যস্থায়ী;

তাহার শৃঙ্গ গৌরবে উন্নত হইবে।

10 দুষ্ট লোক তাহা দেখিয়া বিরক্ত হইবে;

সে দন্ত ঘর্ষণ করিবে, ও গলিয়া যাইবে;

দুষ্টগণের অভীষ্ট বিনষ্ট হইবে।