113

1 তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

হে সদাপ্রভুর দাসগণ, প্রশংসা কর,

সদাপ্রভুর নামের প্রশংসা কর।

2 ধন্য সদাপ্রভুর নাম,

এখন অবধি অনন্তকাল পর্যন্ত।

3 সূর্যের উদয়স্থান অবধি তাহার অস্তস্থান পর্যন্ত,

সদাপ্রভুর নাম কীর্তনীয়।

4 সদাপ্রভু সর্বজাতির উপরে উন্নত,

তাঁহার গৌরব আকাশমণ্ডলের উপরে উন্নত।

5 কে আমাদের ঈশ্বর সদাপ্রভুর তুল্য?

তিনি ঊর্ধ্বে সমাসীন;

6 তিনি অবনত হইয়া দৃষ্টিপাত করেন

আকাশে ও পৃথিবীতে।

7 তিনি ধূলি হইতে দীনহীনকে তুলেন,

সারের ঢিবী হইতে দরিদ্রকে উঠান;

8 যেন তিনি তাহাকে বসাইয়া দেন কুলীনদের সঙ্গে,

আপন প্রজাদেরই কুলীনদের সঙ্গে।

9 তিনি বন্ধ্যাকে গৃহিণী করেন,

পুত্রদের আনন্দময়ী মাতা করেন।

তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।