114

1 ইস্রায়েল যখন বাহির হইল মিসর হইতে,

যাকোবের বংশ পরভাষী লোক হইতে,

2 তখন যিহূদা হইল তাঁহার ধর্মধাম,

ইস্রায়েল হইল তাঁহার রাজ্য।

3 দেখিয়া সমুদ্র পলায়ন করিল,

যর্দন উজানে বহিল।

4 পর্বতগণ লম্ফ দিল মেষের ন্যায়,

উপপর্বতগণ লম্ফ দিল মেষশাবকের ন্যায়।

5 তোমার কি হইল, সমুদ্র,

তুমি কেন পলাইলে?

যর্দন, তুমি কেন উজানে বহিলে?

6 পর্বতগণ, তোমরা কেন লম্ফ দিলে মেষের ন্যায়?

উপপর্বতগণ, তোমরা কেন লম্ফ দিলে মেষশাবকের ন্যায়?

7 পৃথিবী! তুমি কম্পিত হও, প্রভুর সাক্ষাতে,

যাকোবের ঈশ্বরের সাক্ষাতে।

8 তিনি শৈলকে পরিণত করিলেন জলাশয়ে,

চকমকি প্রস্তরকে জলের উৎসে।