12

প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শমীনীৎ। দায়ূদের সঙ্গীত।

1 সদাপ্রভু, ত্রাণ কর, কেননা সাধু লোপ পাইল;

মনুষ্য-সন্তানদের মধ্যে বিশ্বসনীয় লোক শেষ হইল।

2 প্রতিজন প্রতিবাসীর সহিত অলীক কথা কহে;

চাটুবাদী ওষ্ঠাধরে ও দ্বিধাচিত্তে কথা কহে।

3 সদাপ্রভু সমস্ত চাটুবাদী ওষ্ঠাধর

ও দর্পবাদী জিহ্বা কাটিয়া ফেলিবেন;

4 উহারা বলে, আমরা জিহ্বা দ্বারা প্রবল হইব,

আমাদের ওষ্ঠ আমাদেরই; আমাদের কর্তা কে?

5 দুঃখীদের সর্বনাশ, দীনহীনের

কাতরোক্তি প্রযুক্ত, আমি এক্ষণে উঠিব,

ইহা সদাপ্রভু কহেন,

আমি ত্রাণাকাঙ্ক্ষীর ত্রাণ করিব।

6 সদাপ্রভুর বাক্য সকল নির্মল বাক্য;

তাহা মৃত্তিকার মুচিতে খাঁটি করা রৌপ্যের তুল্য,

সাত বার পরিষ্কৃত রৌপ্যের তুল্য।

7 হে সদাপ্রভু, তুমিই তাহাদিগকে রক্ষা করিবে,

চিরতরে এই কালের লোক হইতে উদ্ধার করিবে।

8 দুষ্টগণ চারিদিকে বিহার করে,

যখন মনুষ্য-সন্তানদের মধ্যে অধমতা উচ্চীকৃত হয়।