120

আরোহণ-গীত।

1 আমি সঙ্কটে সদাপ্রভুকে ডাকিলাম,

তিনি আমাকে উত্তর দিলেন।

2 সদাপ্রভু, আমার প্রাণ মিথ্যাবাদী ওষ্ঠাধর হইতে,

প্রতারক জিহ্বা হইতে রক্ষা কর।

3 হে প্রতারক জিহ্বা, তিনি তোমাকে কি দিবেন?

তোমাকে অধিক কি যোগাইবেন?

4 বীরের তীক্ষ্ণ বাণসমূহ,

ও রোতমকাষ্ঠের অঙ্গারসমূহ।

5 হায় হায়, আমি মেশকে প্রবাস করিতেছি,

কেদরের তাম্বুসমূহের কাছে বাস করিতেছি।

6 বহুকাল আমার প্রাণ এমন ব্যক্তির সহিত বাস করিয়াছে,

যে সন্ধি ঘৃণা করে।

7 আমি সন্ধিপ্রিয়,

কিন্তু যখন কথা বলি উহারা যুদ্ধ চায়।