124

আরোহণ-গীত। দায়ূদের।

1 যদি সদাপ্রভু আমাদের সপক্ষ না হইতেন,

ইস্রায়েল ইহা বলুক,

2 যদি সদাপ্রভু আমাদের সপক্ষ না হইতেন,

যখন লোকেরা আমাদের বিরুদ্ধে উঠিয়াছিল,

3 তখন তাহারা আমাদিগকে জীবদ্দশায় গ্রাস করিত,

যখন আমাদের প্রতি তাহাদের ক্রোধ প্রজ্বলিত হইত।

4 তখন জল আমাদিগকে প্লাবিত করিত,

স্রোত আমাদের প্রাণের উপর দিয়া বহিত;

5 তখন গর্বিত জল

আমাদের প্রাণের উপর দিয়া বহিত।

6 ধন্য সদাপ্রভু, তিনি আমাদিগকে

উহাদের দন্তশ্রেণীতে ভক্ষ্যবৎ সমর্পণ করেন নাই।

7 আমাদের প্রাণ ব্যাধের ফাঁদ হইতে পক্ষীর ন্যায় রক্ষা পাইয়াছে;

ফাঁদ ছিঁড়িয়াছে, আর আমরা রক্ষা পাইয়াছি।

8 সদাপ্রভুর নামে আমাদের সাহায্য,

তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা।