126

আরোহণ-গীত।

1 সদাপ্রভু যখন সিয়োনের বন্দিদিগকে ফিরাইলেন,

তখন আমরা স্বপ্নদর্শকদের ন্যায় হইলাম।

2 তৎকালে আমাদের মুখ হাস্যে পূর্ণ হইল,

আমাদের জিহ্বা আনন্দগানে পূর্ণ হইল;

তৎকালে জাতিগণের মধ্যে লোকে বলিল,

সদাপ্রভু উহাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন।

3 সদাপ্রভু আমাদের নিমিত্ত মহৎ মহৎ কর্ম করিয়াছেন,

সেই জন্য আমরা আনন্দিত হইয়াছি।

4 সদাপ্রভু! আমাদের বন্দিদিগকে ফিরাইয়া আন,

দক্ষিণ দেশের প্রণালীর ন্যায় ফিরাইয়া আন।

5 যাহারা সজল নয়নে বীজ বপন করে,

তাহারা আনন্দগান-সহ শস্য কাটিবে।

6 যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাহিরে যায়,

সে আনন্দগান-সহ আপন আটি লইয়া আসিবেই আসিবে।