127

আরোহণ-গীত। শলোমনের।

1 যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন,

তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে;

যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন,

রক্ষক বৃথাই জাগরণ করে।

2 বৃথাই তোমরা প্রত্যুষে উঠ ও বিলম্বে শয়ন কর,

এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ কর,

তিনি আপন প্রিয়পাত্রকে নিদ্রাযোগে এইরূপে দেন। ১২৭:২ (বা) প্রিয়পাত্রকে এইরূপে নিদ্রা দেন।

3 দেখ, সন্তানেরা সদাপ্রভুদত্ত অধিকার,

গর্ভের ফল তাঁহার দত্ত পুরস্কার।

4 যেমন বীরের হস্তে বাণ সকল,

তেমনি যৌবনের সন্তানগণ।

5 ধন্য সেই পুরুষ, যাহার তূণ তাদৃশ বাণে পরিপূর্ণ;

তাহারা লজ্জিত হইবে না,

যখন তাহারা পুরদ্বারে শত্রুগণের সহিত কথা কহে।