128

আরোহণ-গীত।

1 ধন্য সেই জন, যে কেহ সদাপ্রভুকে ভয় করে,

যে তাঁহার সকল পথে চলে।

2 বাস্তবিক তুমি স্বহস্তের শ্রম-ফল ভোগ করিবে,

তুমি ধন্য হইবে, ও তোমার মঙ্গল হইবে।

3 তোমার গৃহের অন্তঃপুরে তোমার স্ত্রী ফলবতী দ্রাক্ষালতার ন্যায় হইবে,

তোমার মেজের চারিদিকে তোমার সন্তানগণ জলপাই বৃক্ষের চারার ন্যায় হইবে।

4 দেখ, যে ব্যক্তি সদাপ্রভুকে ভয় করে,

সে এইরূপে আশীর্বাদ প্রাপ্ত হয়।

5 সদাপ্রভু সিয়োন হইতে তোমাকে আশীর্বাদ করুন,

যেন তুমি যাবজ্জীবন যিরূশালেমের মঙ্গল দেখিতে পাও,

6 এবং তোমার সন্তানদের বংশ দেখিতে পাও।

ইস্রায়েলের উপরে শান্তি বর্তুক।