130

আরোহণ-গীত।

1 হে সদাপ্রভু, আমি গভীর জলে থাকিয়া তোমাকে ডাকিয়াছি।

2 হে প্রভু, আমার রব শুন,

তোমার কর্ণ আমার বিনতির রবে অবধান করুক।

3 হে সদাপ্রভু, তুমি যদি অপরাধ সকল ধর,

তবে, হে প্রভু, কে দাঁড়াইতে পারিবে?

4 কিন্তু তোমার কাছে ক্ষমা আছে,

যেন লোকে তোমাকে ভয় করে।

5 আমি সদাপ্রভুর অপেক্ষা করিতেছি;

আমার প্রাণ অপেক্ষা করিতেছে;

আমি তাঁহার বাক্যে প্রত্যাশা করিতেছি।

6 প্রহরিগণ যেরূপ প্রত্যুষের,

প্রহরিগণ যেরূপ প্রত্যুষের জন্য আকাঙ্ক্ষী,

আমার প্রাণ প্রভুর জন্য ততোধিক আকাঙ্ক্ষী।

7 ইস্রায়েল, সদাপ্রভুতে প্রত্যাশা কর;

কেননা সদাপ্রভুর কাছে দয়া আছে;

আর তাঁহার কাছে প্রচুর মুক্তি আছে।

8 আর তিনিই ইস্রায়েলকে মুক্ত করিবেন,

তাহার সমস্ত অপরাধ হইতে মুক্ত করিবেন।