136

1 তোমরা সদাপ্রভুর স্তব কর; কেননা তিনি মঙ্গলময়;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

2 ঈশ্বরগণের ঈশ্বরের স্তব কর;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

3 প্রভুদের প্রভুর স্তব কর;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

4 [তাঁহার স্তব কর,] যিনি একা মহৎ মহৎ আশ্চর্য কর্ম করেন;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

5 যিনি বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল নির্মাণ করিয়াছেন;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

6 যিনি জলের উপরে ভূমণ্ডল বিস্তার করিয়াছেন;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

7 যিনি বৃহৎ জ্যোতির্গণ নির্মাণ করিয়াছেন;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

8 যিনি দিনমানে কর্তৃত্ব করণার্থে সূর্য গড়িয়াছেন;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

9 রাত্রিতে কর্তৃত্ব করণার্থে চন্দ্র ও তারকামালা গড়িয়াছেন;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

10 [তাঁহার স্তব কর,] যিনি প্রথমজাতদের সম্বন্ধে মিসরকে আঘাত করিলেন;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

11 এবং তাহাদের মধ্য হইতে ইস্রায়েলকে বাহির করিয়া আনিলেন;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

12 বলবান হস্ত ও বিস্তারিত বাহু দ্বারাই আনিলেন;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

13 [তাঁহার স্তব কর,] যিনি সূফ-সাগরকে দুই ভাগ করিলেন;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

14 এবং তাহার মধ্য দিয়া ইস্রায়েলকে পার করিলেন;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

15 কিন্তু ফরৌণ ও তাঁহার বাহিনীকে সূফ-সাগরে ঠেলিয়া দিলেন;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

16 [তাঁহার স্তব কর,] যিনি নিজ প্রজাগণকে প্রান্তরের মধ্য দিয়া গমন করাইলেন;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

17 যিনি মহান রাজগণকে আঘাত করিলেন;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

18 প্রতাপান্বিত রাজগণকে বধ করিলেন;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

19 ইমোরীয়দের রাজা সীহোনকে,

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

20 ও বাশনের রাজা ওগকে [বধ করিলেন];

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

21 এবং তাহাদের দেশ অধিকারের জন্য দিলেন,

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

22 নিজ দাস ইস্রায়েলকে অধিকারের জন্য দিলেন;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

23 তিনি আমাদের হীনাবস্থায় আমাদিগকে স্মরণ করিলেন;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

24 বিপক্ষগণ হইতে আমাদিগকে উদ্ধার করিলেন;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

25 তিনি সমস্ত প্রাণীকে আহার দেন;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী

26 স্বর্গের ঈশ্বরের স্তব কর;

তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।