137

1 বাবিলীয় নদী সকলের তীরে,

তথায় আমরা বসিতাম আর কাঁদিতাম,

যখন সিয়োনকে মনে পড়িত।

2 আমরা তথাকার বাইশী বৃক্ষে

আপন আপন বীণা টাঙ্গাইয়া রাখিতাম।

3 কারণ তথায় আমাদের বন্দিকারীরা

আমাদের কাছে গীত শুনিতে চাহিত,

আমাদের উপদ্রবিগণ আনন্দের রব শুনিতে চাহিত,

বলিত, ‘আমাদের কাছে সিয়োনের একটা গীত গাও।’

4 আমরা কেমন করিয়া বিজাতীয় ভূমিতে সদাপ্রভুর গীত গান করিব?

5 যিরূশালেম, যদি আমি তোমাকে ভুলিয়া যাই,

আমার দক্ষিণ হস্ত [কৌশল] ভুলিয়া যাউক।

6 আমার জিহ্বা তালুতে সংলগ্ন হউক,

যদি আমি তোমাকে মনে না করি,

যদি আপন পরমানন্দ হইতে যিরূশালেমকে অধিক ভাল না বাসি।

7 হে সদাপ্রভু, ইদোম-সন্তানদের বিরুদ্ধে যিরূশালেমের দিন স্মরণ কর;

তাহারা বলিয়াছিল, ‘উৎপাটন কর,

উহার মূল পর্যন্ত উৎপাটন কর।’

8 হে বাবিল-কন্যা, হে বিনাশপাত্রি,

ধন্য সেই, যে তোমাকে সেইরূপ প্রতিফল দিবে,

যেরূপ তুমি আমাদের প্রতি করিয়াছ।

9 ধন্য সেই, যে তোমার শিশুগণকে ধরে,

আর শৈলের উপরে আছড়ায়।