138

দায়ূদের।

1 আমি সর্বান্তঃকরণে তোমার স্তব করিব,

দেবগণের সাক্ষাতে তোমার কীর্তন করিব।

2 তব পবিত্র মন্দিরের অভিমুখে প্রণিপাত করিব,

তব দয়া ও তব সত্য প্রযুক্ত তোমার নামের স্তব করিব;

কেননা তোমার সমস্ত নাম অপেক্ষা তুমি আপন বচন মহিমান্বিত করিয়াছ।

3 যে দিন আমি ডাকিলাম,

তুমি আমাকে উত্তর দিলে,

আমার প্রাণে শক্তি দিয়া আমাকে উৎসাহযুক্ত করিলে।

4 হে সদাপ্রভু, পৃথিবীর সমস্ত রাজা তোমার স্তব করিবে,

কারণ তাহারা তোমার মুখের বাক্য শুনিয়াছে;

5 তাহারা সদাপ্রভুর পথ সকলের বিষয় গান করিবে,

কেননা সদাপ্রভুর গৌরব মহৎ।

6 কারণ সদাপ্রভু উচ্চ,

তথাপি অবনতের প্রতি দৃষ্টি রাখেন,

কিন্তু গর্বিতকে দূর হইতে জানেন।

7 যদিও আমি সঙ্কটের মধ্য দিয়া গমন করি,

তবু তুমি আমাকে সঞ্জীবিত করিবে;

তুমি আমার শত্রুদের ক্রোধের প্রতিকূলে তোমার হস্ত বিস্তার করিবে,

তোমার দক্ষিণ হস্ত আমাকে পরিত্রাণ করিবে।

8 সদাপ্রভু আমার পক্ষে সকলই সিদ্ধ করিবেন;

হে সদাপ্রভু, তোমার দয়া অনন্তকালস্থায়ী;

তোমার স্বহস্তের কর্ম পরিত্যাগ করিও না।