14

প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের।

1 মূঢ় মনে মনে বলিয়াছে, ‘ঈশ্বর নাই’।

তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্হ কর্ম করিয়াছে;

সৎকর্ম করে এমন কেহই নাই।

2 সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য-সন্তানদের

প্রতি নিরীক্ষণ করিলেন;

দেখিতে চাহিলেন, বুদ্ধিপূর্বক কেহ চলে কি না,

ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কি না।

3 সকলে বিপথে গিয়াছে, সকলেই বিকারপ্রাপ্ত হইয়াছে;

সৎকর্ম করে, এমন কেহই নাই, একজনও নাই।

4 অধর্মাচারী সকলের কি কিছুই জ্ঞান নাই?

তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায়

আমার প্রজাগণকে গ্রাস করে, সদাপ্রভুকে ডাকে না।

5 ঐ স্থানে তাহারা বড় ভয় পাইয়াছে;

কেননা ঈশ্বর ধার্মিক বংশের মধ্যবর্তী।

6 তোমরা দুঃখীর মন্ত্রণাকে লজ্জিত করিতেছ;

কেননা সদাপ্রভু তাহার আশ্রয়।

7 আঃ! ইস্রায়েলের পরিত্রাণ সিয়োন হইতে উপস্থিত হউক।

সদাপ্রভু যখন আপন প্রজাদের বন্দিত্ব ফিরাইবেন,

তখন যাকোব উল্লসিত হইবে, ইস্রায়েল আনন্দ করিবে।