140

প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের সঙ্গীত।

1 হে সদাপ্রভু, দুর্বৃত্ত মনুষ্য হইতে আমাকে উদ্ধার কর,

দুর্জন হইতে আমাকে রক্ষা কর।

2 তাহারা মনে মনে দুষ্ট কল্পনা করে।

প্রতিদিন যুদ্ধ উত্তেজিত করে।

3 তাহারা সর্পের ন্যায় স্ব স্ব জিহ্বা তীক্ষ্ণ করিয়াছে,

তাহাদের ওষ্ঠাধরের নিম্নভাগে কালসর্পের বিষ থাকে। [সেলা]

4 হে সদাপ্রভু, দুষ্টের হস্ত হইতে আমাকে নিস্তার কর,

দুর্জন হইতে আমাকে রক্ষা কর;

তাহারা আমার চরণ ঠেলিয়া দিবার সঙ্কল্প করিয়াছে।

5 অহঙ্কারিগণ গোপনে আমার নিমিত্ত ফাঁদ ও দড়ি প্রস্তুত করিয়াছে,

তাহারা পথের পার্শ্বে জাল পাতিয়াছে,

আমার জন্য যন্ত্র বসাইয়াছে। [সেলা]

6 আমি সদাপ্রভুকে কহিলাম, তুমি আমার ঈশ্বর;

হে প্রভু, আমার বিনতির রবে কর্ণপাত কর।

7 হে প্রভু সদাপ্রভু, আমার পরিত্রাণের বল,

যুদ্ধের দিনে তুমি আমার মস্তক আচ্ছাদন করিয়াছ।

8 হে সদাপ্রভু, দুষ্টের বাঞ্ছা পূর্ণ করিও না;

তাহার সঙ্কল্প সিদ্ধ করিও না, পাছে তাহারা গর্বিত হয়। [সেলা]

9 যাহারা আমাকে ঘেরে,

তাহাদের মস্তক তাহাদের ওষ্ঠাধরের

দৌরাত্ম্যে আচ্ছাদিত হউক;

10 তাহাদের উপরে জ্বলন্ত অঙ্গার পড়ুক,

তাহারা নিক্ষিপ্ত হউক অগ্নিতে,

নিক্ষিপ্ত হউক গভীর খাতে, আর না উঠুক।

11 পৃথিবীতে দুর্মুখ স্থির থাকিতে পারিবে না;

অমঙ্গল দুর্জনকে নিপাত করিবার জন্য মৃগয়া করিবে।

12 আমি জানি, সদাপ্রভু দুঃখীর বিবাদ,

ও দরিদ্রবর্গের বিচার নিষ্পন্ন করিবেন।

13 ধার্মিকেরা অবশ্য তোমার নামের স্তব করিবে;

সরলগণ তোমার সাক্ষাতে বাস করিবে।