141

দায়ূদের সঙ্গীত।

1 হে সদাপ্রভু, আমি তোমাকে ডাকিয়াছি, আমার পক্ষে ত্বরা কর;

আমি তোমাকে ডাকিলে আমার রবে কর্ণপাত কর।

2 আমার প্রার্থনা তোমার সম্মুখে সুগন্ধি ধূপরূপে,

আমার অঞ্জলি-প্রসারণ সান্ধ্য উপহাররূপে সাজান হউক।

3 হে সদাপ্রভু, আমার মুখে প্রহরী নিযুক্ত কর,

আমার ওষ্ঠাধরের কবাট রক্ষা কর।

4 কোন মন্দ বিষয়ে আমার চিত্তকে প্রবৃত্ত হইতে দিও না,

আমি যেন অধর্মাচারী লোকদের সহিত দুষ্ক্রিয়ায় ব্যাপৃত না হই,

এবং উহাদের সুস্বাদু ভক্ষ্য ভোজন না করি।

5 ধার্মিক লোক আমাকে প্রহার করুক, সেটি দয়া;

সে আমাকে অনুযোগ করুক, তাহা মস্তকের তৈল;

আমার মস্তক তাহা অগ্রাহ্য না করুক,

উহাদের দুষ্টতাসমূহের মধ্যেও ১৪১:৫ (বা) বিরুদ্ধেও। আমি প্রার্থনা করিব।

6 উহাদের বিচারকর্তারা শৈলপার্শ্বে নিক্ষিপ্ত হইল;

লোকেরা আমার বাক্য শুনিবে, কেননা তাহা মধুর।

7 ভূমির কর্ষক ও খননকারী যেমন করে,

তেমনি পাতালের মুখে আমাদের অস্থি সকল ছড়াইয়া পড়িয়াছে।

8 বাস্তবিক, হে প্রভু সদাপ্রভু,

আমার চক্ষু তোমার দিকে আছে;

আমি তোমারই শরণাগত,

আমার প্রাণ ঢালিয়া ফেলিও না।

9 আমার জন্য পাতিত ফাঁদ হইতে,

অধর্মাচারীদের যন্ত্র হইতে, আমাকে রক্ষা কর।

10 দুষ্টগণ আপনাদেরই জালে পতিত হউক;

সেই অবসরে আমি উত্তীর্ণ হইব।