142

দায়ূদের মস্কীল, গুহামধ্যে তাঁহার অবস্থিতিকালীন; প্রার্থনা।

1 আমি নিজ রবে সদাপ্রভুর কাছে ক্রন্দন করি,

নিজ রবে সদাপ্রভুর কাছে বিনতি করি।

2 আমি তাঁহার কাছে আমার খেদের কথা ভাঙ্গিয়া বলি,

তাঁহাকে আমার সঙ্কট জানাই।

3 আমার আত্মা যখন আমার মধ্যে অবসন্ন হইয়াছিল,

তখন তুমিই আমার মার্গ জ্ঞাত ছিলে;

যে পথে আমি চলি,

লোকেরা গোপনে আমার জন্য ফাঁদ পাতিয়াছে।

4 [আমার] দক্ষিণে নিরীক্ষণ করিয়া দেখ,

আমাকে চিনে এমন কেহই নাই,

আমার আশ্রয় বিনষ্ট হইল;

কেহই আমার প্রাণের তত্ত্ব করে না।

5 আমি তোমার কাছে কাঁদিলাম,

হে সদাপ্রভু, আমি কহিলাম,

তুমিই আমার আশ্রয়,

তুমি জীবিত লোকদের দেশে আমার অধিকার।

6 আমার কাকূক্তিতে অবধান কর,

কেননা আমি অতিশয় ক্ষীণ হইয়াছি;

আমার তাড়নাকারিগণ হইতে আমাকে উদ্ধার কর;

কেননা আমা অপেক্ষা তাহারা বলবান।

7 কারাগার হইতে আমার প্রাণ উদ্ধার কর,

যেন আমি তোমার নামের স্তব করি;

ধার্মিকেরা আমাকে বেষ্টন করিবে,

কেননা তুমি আমার মঙ্গল করিবে।