146

1 তোমরা সদাপ্রভুর প্রশংসা কর;

হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা কর।

2 আমি যাবজ্জীবন সদাপ্রভুর প্রশংসা করিব;

আমি যত কাল বাঁচিয়া থাকি,

আমার ঈশ্বরের প্রশংসা গান করিব।

3 তোমরা নির্ভর করিও না রাজন্যগণে,

বা মনুষ্য-সন্তানে, যাহার নিকটে ত্রাণ নাই।

4 তাহার শ্বাস নির্গত হয়,

সে নিজ মৃত্তিকায় প্রতিগমন করে;

সেই দিনেই তাহার সঙ্কল্প সকল নষ্ট হয়।

5 ধন্য সেই, যাহার সহায় যাকোবের ঈশ্বর,

যাহার আশাভূমি সদাপ্রভু, তাহার ঈশ্বর।

6 তিনি নির্মাণ করিয়াছেন আকাশমণ্ডল ও পৃথিবী,

সমুদ্র ও তাহার মধ্যে যাহা কিছু আছে;

তিনি অনন্তকাল সত্য পালন করেন।

7 তিনি উপদ্রুতদের পক্ষে ন্যায়বিচার করেন,

তিনি ক্ষুধিতদিগকে খাদ্য দান করেন;

সদাপ্রভু বন্দিদিগকে মুক্ত করেন।

8 সদাপ্রভু অন্ধদের চক্ষু খুলিয়া দেন;

সদাপ্রভু অবনতদিগকে উত্থাপন করেন;

সদাপ্রভু ধার্মিকদিগকে প্রেম করেন।

9 সদাপ্রভু বিদেশীদের রক্ষাকারী;

তিনি পিতৃহীন ও বিধবাকে সুস্থির রাখেন,

কিন্তু দুষ্টগণের পথ বক্র করেন।

10 সদাপ্রভু অনন্তকাল রাজত্ব করিবেন;

তোমার ঈশ্বর, হে সিয়োন, পুরুষানুক্রমে করিবেন।

তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।