148

1 তোমরা সদাপ্রভুর প্রশংসা কর,

স্বর্গ হইতে সদাপ্রভুর প্রশংসা কর;

ঊর্ধ্বস্থানে তাঁহার প্রশংসা কর।

2 হে তাঁহার সমস্ত দূত, তাঁহার প্রশংসা কর;

হে তাঁহার সমস্ত বাহিনী, তাঁহার প্রশংসা কর।

3 হে সূর্য ও চন্দ্র, তাঁহার প্রশংসা কর;

হে দীপ্তিময় সমস্ত তারা, তাঁহার প্রশংসা কর।

4 হে স্বর্গের স্বর্গ, তাঁহার প্রশংসা কর।

হে আকাশমণ্ডলের ঊর্ধ্বস্থিত জলসমূহ,

তোমরাও তাঁহার প্রশংসা কর।

5 ইহারা সদাপ্রভুর নামের প্রশংসা করুক,

কেননা তিনি আজ্ঞা করিলেন,

আর ইহারা সৃষ্ট হইল;

6 তিনি চিরকালের জন্য তাহাদিগকে স্থাপন করিয়াছেন,

তিনি এক বিধি দিয়াছেন,

কেহ তাহা উল্লঙ্ঘন করিবে না। ১৪৮:৬ (বা) তাহা লুপ্ত হইবে না।

7 পৃথিবী হইতে সদাপ্রভুর প্রশংসা কর,

হে প্রকাণ্ড জলচর সকল ও সমস্ত জলধি;

8 অগ্নি ও শিলা, তুষার ও বাষপ,

তাঁহার বাক্যসাধক প্রচণ্ড বায়ু;

9 পর্বতরাজি ও সমস্ত উপপর্বত,

ফলের বৃক্ষরাজি ও সমস্ত এরস বৃক্ষ;

10 বন্য পশুগণ ও সমস্ত গৃহপালিত পশু;

সরীসৃপ ও উড্ডীয়মান পক্ষী সকল;

11 পৃথিবীর রাজগণ ও সমস্ত জাতি;

লোকপালগণ ও পৃথিবীর সকল বিচারকর্তা;

12 যুবকগণ ও যুবতী সকল;

বৃদ্ধগণ ও বালক-বালিকাসমূহ;

13 সকলে সদাপ্রভুর নামের প্রশংসা করুক,

কেননা কেবল তাঁহারই নাম উন্নত,

তাঁহার প্রভা পৃথিবীর ও স্বর্গের উপরিস্থ।

14 আর তিনি আপন প্রজাদের জন্য এক শৃঙ্গ উত্তোলন করিয়াছেন,

তাহা প্রশংসা-ভূমি, তাঁহার সমস্ত সাধুর নিমিত্ত,

ইস্রায়েল-সন্তানদের নিমিত্ত, যাহারা তাঁহার নিকটস্থ প্রজা।

তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।