149

1 তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

সদাপ্রভুর উদ্দেশে নূতন গীত গাও;

সাধুগণের সমাজে তাঁহার প্রশংসা গাও।

2 ইস্রায়েল আপন নির্মাণকর্তাতে আনন্দ করুক,

সিয়োন-সন্তানগণ আপনাদের রাজাতে উল্লসিত হউক।

3 তাহারা নৃত্যযোগে তাঁহার নামের প্রশংসা করুক,

তবল ও বীণাযোগে তাঁহার প্রশংসা গান করুক।

4 কেননা সদাপ্রভু আপন প্রজাদের প্রতি প্রীত,

তিনি নম্রদিগকে পরিত্রাণে ভূষিত করিবেন।

5 সাধুগণ গৌরবে উল্লসিত হউক;

তাহারা আপন আপন শয্যাতে আনন্দগান করুক।

6 তাহাদের কন্ঠে ঈশ্বরের উচ্চ প্রশংসা,

তাহাদের হস্তে দ্বিধার খড়্‌গ থাকুক;

7 যেন তাহারা জাতিগণকে প্রতিফল দেয়,

লোকবৃন্দকে শাস্তি দেয়;

8 যেন তাহাদের রাজগণকে শৃঙ্খলে,

তাহাদের মান্যগণ্য লোকদিগকে লৌহনিগড়ে বদ্ধ করে;

9 যেন তাহাদের বিরুদ্ধে লিখিত বিচার নিষপন্ন করে;

ইহাই তাঁহার সমস্ত সাধুর মর্যাদা।

তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।