15

দায়ূদের সঙ্গীত।

1 হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রবাস করিবে?

তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে?

2 যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে,

এবং হৃদয়ে সত্য কহে।

3 যে পরীবাদ জিহ্বাগ্রে আনে না,

মিত্রের অপকার করে না,

আপন প্রতিবাসীর দুর্নাম করে না।

4 যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়;

যে সদাপ্রভুর ভয়কারীদিগকে মান্য করে,

দিব্য করিলে ক্ষতি হইলেও অন্যথা করে না;

5 সুদের জন্য টাকা ধার দেয় না,

নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না;

এই সকল কর্ম যে করে,

সে কখনও বিচলিত হইবে না।