2

1 জাতিগণ কেন কলহ করে?

লোকবৃন্দ কেন অনর্থক বিষয় লইয়া ধ্যান করে?

2 পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয়,

নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে,

সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাঁহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে;

3 [বলে,] ‘আইস, আমরা উহাদের বন্ধন ছিঁড়িয়া ফেলি,

আপনাদের হইতে উহাদের রজ্জু খুলিয়া ফেলি।’

4 যিনি স্বর্গে উপবিষ্ট, তিনি হাস্য করিবেন;

প্রভু তাহাদিগকে বিদ্রূপ করিবেন।

5 তখন তিনি ক্রোধে তাহাদের কাছে কথা কহিবেন,

কোপে তাহাদিগকে বিহ্বল করিবেন।

6 আমিই আমার রাজাকে স্থাপন করিয়াছি

আমার পবিত্র সিয়োন-পর্বতে।

7 আমি সেই বিধির বৃত্তান্ত প্রচার করিব;

সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি আমার পুত্র,

অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি।

8 আমার নিকটে যাচ্ঞা কর,

আমি জাতিগণকে তোমার দায়াংশ করিব,

পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকারে আনিয়া দিব।

9 তুমি লৌহদণ্ড দ্বারা তাহাদিগকে ভাঙ্গিবে,

কুম্ভকারের পাত্রের ন্যায় খণ্ড বিখণ্ড করিবে।

10 অতএব এখন, রাজগণ! বিবেচক হও;

পৃথিবীর বিচারকগণ! শাসন গ্রাহ্য কর।

11 তোমরা সভয়ে সদাপ্রভুর আরাধনা কর,

সকম্পে উল্লাস কর।

12 পুত্রকে চুম্বন কর, পাছে তিনি ক্রুদ্ধ হন ও তোমরা পথে বিনষ্ট হও,

কারণ ক্ষণমাত্রে তাঁহার ক্রোধ প্রজ্বলিত হইবে।

ধন্য তাহারা সকলে, যাহারা তাঁহার শরণাপন্ন।