21

প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের সঙ্গীত।

1 হে সদাপ্রভু, তোমার বলে রাজা আনন্দ করেন,

তিনি তোমার পরিত্রাণে কতই উল্লসিত হন।

2 তুমি তাঁহার মনোবাঞ্ছা পূর্ণ করিয়াছ,

তাঁহার ওষ্ঠের প্রার্থনা অস্বীকার কর নাই। [সেলা]

3 কেননা তুমি মঙ্গলের বিবিধ বর সহ তাঁহার সম্মুখবর্তী হইয়াছ,

তুমি তাঁহার মস্তকে সুবর্ণমুকুট দিয়াছ।

4 তিনি তোমার কাছে জীবন প্রার্থনা করিয়াছিলেন, তুমি তাঁহাকে দিয়াছ,

অনন্তকালস্থায়ী দীর্ঘ পরমায়ু দিয়াছ।

5 তোমার পরিত্রাণে তিনি মহাগৌরবান্বিত;

তুমি তাঁহার উপরে প্রভা ও প্রতাপ রাখিয়াছ।

6 তুমি তাঁহাকে চিরস্থায়ী আশীর্বাদযুক্ত করিয়াছ,

তোমার শ্রীমুখে তাঁহাকে আনন্দে পুলকিত করিয়াছ।

7 কারণ রাজা সদাপ্রভুতে নির্ভর করেন,

পরাৎপরের দয়াতে তিনি বিচলিত হইবেন না।

8 তোমার হস্ত তোমার সমস্ত শত্রুকে ধরিবে;

তোমার দক্ষিণ হস্ত তোমার বিদ্বেষিগণকে ধরিবে।

9 তুমি আপন ক্রোধের সময়ে তাহাদিগকে

প্রজ্বলিত তুন্দুরস্বরূপ করিবে;

সদাপ্রভু কোপে তাহাদিগকে গ্রাস করিবেন,

অগ্নি তাহাদিগকে ভক্ষণ করিবে।

10 তুমি উচ্ছিন্ন করিবে পৃথিবী হইতে তাহাদের ফল,

মনুষ্য-সন্তানদের মধ্য হইতে তাহাদের বংশ।

11 কেননা তাহারা তোমার বিরুদ্ধে কুসঙ্কল্প করিল;

তাহারা কুমন্ত্রণা করিল, তাহা সিদ্ধ করিতে পারে না।

12 কেননা তুমি তাহাদিগকে ফিরাইয়া দিবে,

তুমি তাহাদের মুখ তোমার ধনুর্গুণের লক্ষ্য করিবে।

13 হে সদাপ্রভু, নিজ বলে উন্নত হও;

আমরা তব পরাক্রম গাহিব ও প্রশংসা করিব।