24

দায়ূদের সঙ্গীত।

1 পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদাপ্রভুরই;

জগৎ ও তন্নিবাসিগণ তাঁহার।

2 কেননা তিনিই সমুদ্রগণের উপরে তাহা স্থাপন করিয়াছেন,

নদীগণের উপরে তাহা দৃঢ় করিয়া রাখিয়াছেন।

3 কে সদাপ্রভুর পর্বতে উঠিবে?

কে তাঁহার পবিত্র স্থানে দণ্ডায়মান হইবে?

4 যাহার অঞ্জলি নির্দোষ ও অন্তঃকরণ বিমল,

যে অলীকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই,

ছলভাবে শপথ করে নাই।

5 সেই সদাপ্রভু হইতে আশীর্বাদ পাইবে,

আপন ত্রাণেশ্বর হইতে ধার্মিকতা পাইবে।

6 এই তাঁহার অন্বেষণকারীদের বংশ;

ইহারা তোমার মুখের অন্বেষী,

হে যাকোবের [ঈশ্বর]। [সেলা]

7 হে পুরদ্বার সকল, মস্তক তোল;

হে চিরন্তন কবাট সকল, উত্থিত হও;

প্রতাপের রাজা প্রবেশ করিবেন।

8 সেই প্রতাপের রাজা কে?

পরাক্রমী ও বীর সদাপ্রভু, যুদ্ধবীর সদাপ্রভু।

9 হে পুরদ্বার সকল, মস্তক তোল;

হে চিরন্তন কবাট সকল, মস্তক উত্থাপন কর;

প্রতাপের রাজা প্রবেশ করিবেন।

10 সেই প্রতাপের রাজা কে?

বাহিনীগণের সদাপ্রভু, তিনিই প্রতাপের রাজা। [সেলা]