26

দায়ূদের।

1 সদাপ্রভু, আমার বিচার কর,

কারণ আমি নিজ সিদ্ধতায় চলিয়াছি,

আর আমি সদাপ্রভুর শরণ লইয়াছি, চঞ্চল হইব না।

2 সদাপ্রভু, আমার পরীক্ষা করিয়া প্রমাণ লও,

আমার মর্ম ও চিত্ত নির্মল কর।

3 কেননা তোমার দয়া আমার নয়ন গোচর;

আমি তোমার সত্যে চলিয়া আসিতেছি।

4 আমি অলীক লোকদের সঙ্গে বসি নাই,

আমি ছদ্মবেশীদের সঙ্গে চলিব না।

5 আমি দুরাচারদের সমাজ ঘৃণা করি,

দুষ্টগণের সঙ্গে বসিব না।

6 আমি শুদ্ধতায় আমার হাত ধুইব,

সদাপ্রভু, এইরূপে তোমার যজ্ঞবেদি প্রদক্ষিণ করিব;

7 যেন আমি স্তবের ধ্বনি শ্রবণ করাই,

ও তোমার আশ্চর্য ক্রিয়া সকল প্রচার করি।

8 সদাপ্রভু, আমি ভালবাসি তোমার নিবাস গৃহ,

তোমার গৌরবের বাসস্থান।

9 পাপীদের সহিত আমার প্রাণ লইও না,

রক্তপাতী মনুষ্যদের সহিত আমার জীবন লইও না।

10 তাহাদের হস্তে অনিষ্ট থাকে,

তাহাদের দক্ষিণ হস্ত উৎকোচে পরিপূর্ণ।

11 কিন্তু আমি নিজ সিদ্ধতায় চলিব;

আমাকে মুক্ত কর, ও আমার প্রতি কৃপা কর।

12 আমার চরণ সমভূমিতে দাঁড়াইয়া আছে;

আমি মণ্ডলিগণের মধ্যে সদাপ্রভুর ধন্যবাদ করিব।