28

দায়ূদের।

1 সদাপ্রভু, আমি তোমাকে ডাকিতেছি;

আমার শৈল, আমার প্রতি বধির হইও না;

পাছে, যদি তুমি আমার প্রতি নীরব হও,

আমি গর্তগামীদের তুল্য হইয়া পড়ি।

2 যখন আমি তোমার নিকটে আর্তনাদ করি,

যখন তোমার পবিত্র অন্তর্গৃহের দিকে অঞ্জলি উঠাই,

তখন তুমি আমার বিনতির রব শ্রবণ করিও।

3 দুর্জনদের ও অধর্মাচারীদের সহিত আমাকে টানিয়া লইও না;

তাহারা স্ব স্ব প্রতিবাসীদের সহিত শান্তির কথা কহে,

কিন্তু তাহাদের অন্তঃকরণে হিংসাভাব আছে।

4 তাহাদের কার্য ও আচরণের দুষ্টতানুসারে তাহাদিগকে ফল দেও;

তাহাদের হস্তের কর্মানুরূপ ফল তাহাদিগকে দেও;

তাহাদের অপকার তাহাদেরই প্রতি বর্তাও।

5 কেননা তাহারা সদাপ্রভুর কার্য ও তাঁহার হস্তের কর্ম বিবেচনা করে না;

তিনি তাহাদিগকে ভাঙ্গিয়া ফেলিবেন, গাঁথিয়া তুলিবেন না।

6 ধন্য সদাপ্রভু,

তিনি আমার বিনতির রব শুনিয়াছেন।

7 সদাপ্রভু আমার বল ও আমার ঢাল;

আমার অন্তঃকরণ তাঁহার উপরে নির্ভর করিয়াছে,

তাই আমি সাহায্য পাইয়াছি;

এই জন্য আমার অন্তঃকরণ উল্লসিত হইয়াছে,

আমি নিজ গীত দ্বারা তাঁহার প্রশংসা করিব।

8 সদাপ্রভু আপন লোকদের বল;

তিনিই আপন অভিষিক্ত ব্যক্তির ত্রাণদুর্গ।

9 তোমার প্রজাদিগকে ত্রাণ কর,

নিজ অধিকারকে আশীর্বাদ কর;

তাহাদিগকে পালন কর, চিরকাল বহন কর।