29

দায়ূদের সঙ্গীত।

1 হে ঈশ্বরের ২৯:১ (বা) বলবানদের। সন্তানগণ, সদাপ্রভুর কীর্তন কর;

সদাপ্রভুরই গৌরব ও পরাক্রম কীর্তন কর।

2 সদাপ্রভুর উদ্দেশে তাঁহার নামের গৌরব কীর্তন কর;

পবিত্র শোভায় সদাপ্রভুর কাছে প্রণিপাত কর।

3 জলের উপরে সদাপ্রভুর রব;

গৌরবান্বিত ঈশ্বর বজ্রনাদ করিতেছেন,

সদাপ্রভু জলরাশির উপরে বিদ্যমান।

4 সদাপ্রভুর রব শক্তিবিশিষ্ট;

সদাপ্রভুর রব প্রতাপান্বিত।

5 সদাপ্রভুর রব এরস বৃক্ষ ভাঙ্গিয়া ফেলিতেছে;

সদাপ্রভুই লিবানোনের এরস বৃক্ষ খণ্ড বিখণ্ড করিতেছেন।

6 তিনি নাচাইতেছেন তাহাদিগকে গো বৎসের ন্যায়,

লিবানোন ও শিরিয়োণকে গবয় শাবকের ন্যায়।

7 সদাপ্রভুর রব অগ্নিশিখা বিকিরণ করিতেছে।

8 সদাপ্রভুর রব প্রান্তরকে কম্পমান করিতেছে;

সদাপ্রভু কাদেশের প্রান্তরকে কম্পমান করিতেছেন।

9 সদাপ্রভুর রব হরিণীদিগকে প্রসব করাইতেছে,

বনরাজিকে পত্রহীন করিতেছে;

আর তাঁহার মন্দিরে সকলই বলিতেছে, গৌরব।

10 সদাপ্রভু জলপ্লাবনে সমাসীন ছিলেন;

সদাপ্রভু চিরকাল তরে সমাসীন রাজা।

11 সদাপ্রভু আপন প্রজাদিগকে বল দিবেন;

সদাপ্রভু আপন প্রজাদিগকে শান্তি দিয়া আশীর্বাদ করিবেন।