3

তাঁহার স্বীয় পুত্র অবশালোমের নিকট হইতে দায়ূদের পলায়নকালীন সঙ্গীত।

1 হে সদাপ্রভু, আমার বিপক্ষ কত বাড়িয়াছে।

অনেকে আমার বিরুদ্ধে উঠিতেছে।

2 অনেকে আমার প্রাণের উদ্দেশে বলিতেছে,

ঈশ্বরের কাছে উহার জন্য ত্রাণ নাই। [সেলা]

3 কিন্তু, হে সদাপ্রভু, তুমিই আমার বেষ্টনকারী ঢাল,

আমার গৌরব, ও আমার মস্তক উত্তোলনকারী।

4 আমি স্বরবে সদাপ্রভুকে ডাকি,

আর তিনি আপন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন। [সেলা]

5 আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম, আমি জাগ্রত হইলাম;

কারণ সদাপ্রভু আমাকে ধারণ করেন।

6 আমি অযুত অযুত লোক হইতেও ভীত হইব না,

যাহারা আমার বিরুদ্ধে চারিদিকে সসজ্জ হইয়াছে।

7 হে সদাপ্রভু, উঠ;

হে আমার ঈশ্বর, আমার পরিত্রাণ কর;

কেননা তুমি আমার সমস্ত শত্রুর চোয়ালে আঘাত করিয়াছ,

তুমি দুষ্টদের দন্ত সকল ভাঙ্গিয়া দিয়াছ।

8 পরিত্রাণ সদাপ্রভুরই কাছে;

তোমার প্রজাদের উপরে তোমার আশীর্বাদ বর্তুক। [সেলা]