30

সঙ্গীত। গৃহ প্রতিষ্ঠার গীত। দায়ূদের।

1 সদাপ্রভু, আমি তোমার প্রশংসা করিব,

কেননা তুমি আমাকে উঠাইয়াছ,

আমার শত্রুগণকে আমার বিষয়ে আনন্দ করিতে দেও নাই।

2 হে সদাপ্রভু, আমার ঈশ্বর,

আমি তোমার কাছে আর্তনাদ করিলাম,

আর তুমি আমাকে সুস্থ করিলে।

3 সদাপ্রভু, তুমি পাতাল হইতে

আমার প্রাণ উত্তোলন করিয়াছ,

তুমি আমাকে বাঁচাইয়া রাখিয়াছ,

যেন গর্তে নামিয়া না যাই।

4 হে সদাপ্রভুর সাধুগণ, তাঁহার উদ্দেশে সঙ্গীত কর,

তাঁহার পবিত্র নামের ধন্যবাদ কর।

5 কেননা তাঁহার ক্রোধ নিমেষমাত্র থাকে,

তাঁহার অনুগ্রহেতেই জীবন; ৩০:৫ (বা) তাঁহার অনুগ্রহ জীবনব্যাপী।

সন্ধ্যাকালে রোদন অতিথি রূপে আইসে,

কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত হয়।

6 আমার সুখাবস্থায় আমি বলিয়াছিলাম,

আমি কখনও বিচলিত হইব না।

7 সদাপ্রভু, তুমি আপন অনুগ্রহেই আমার পর্বত দৃঢ়রূপে স্থাপন করিয়াছিলে;

তুমি মুখ লুকাইলে, আমি বিহ্বল হইয়া পড়িলাম।

8 সদাপ্রভু, আমি তোমাকেই ডাকিলাম,

সদাপ্রভুরই কাছে বিনতি করিলাম।

9 কূপে নামিলে আমার রক্তে কি লাভ?

ধূলি কি তোমার স্তব করিবে?

তোমার সত্য কি প্রচার করিবে?

10 শুন, হে সদাপ্রভু, আমাকে কৃপা কর;

সদাপ্রভু, আমার সহায় হও।

11 তুমি আমার বিলাপ নৃত্যে পরিণত করিয়াছ;

তুমি আমার চট খুলিয়া

আমাকে আনন্দ পটুকায় বদ্ধকটি করিয়াছ,

12 যেন আমার গৌরব তোমার প্রশংসা গান করে, নীরব না থাকে।

সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি চিরকাল তোমার স্তব করিব।