32

দায়ূদের। মস্কীল।

1 ধন্য সেই, যাহার অধর্ম ক্ষমা হইয়াছে,

যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে।

2 ধন্য সেই ব্যক্তি, যাহার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করেন না,

ও যাহার আত্মায় প্রবঞ্চনা নাই।

3 আমি যখন চুপ করিয়াছিলাম,

আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল,

কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতেছিলাম।

4 কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল,

আমার সরসতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হইয়াছিল। [সেলা]

5 আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম,

আমার অপরাধ আর গোপন করিলাম না,

আমি কহিলাম, ‘আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব,’

তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে। [সেলা]

6 এই জন্য যখন তোমাকে পাওয়া যায়,

প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক,

অবশ্য জলরাশির প্লাবন হইলে তাহা তাহার নিকটে আসিবে না।

7 তুমি আমার অন্তরাল, তুমি সঙ্কট হইতে আমাকে উদ্ধার করিবে;

রক্ষাগীত দ্বারা আমাকে বেষ্টন করিবে। [সেলা]

8 আমি তোমাকে বুদ্ধি দিব, ও তোমার গন্তব্য পথ দেখাইব,

তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব।

9 তোমরা অশ্ব ও অশ্বতরের ন্যায় হইও না, যাহাদের বুদ্ধি নাই;

বল্‌গা ও লাগাম ভূষারূপে পরাইয়া তাহাদিগকে দমন করিতে হয়,

নতুবা তাহারা তোমার নিকটে আসিবে না।

10 দুষ্টের অনেক যাতনা হয়;

কিন্তু যে ব্যক্তি সদাপ্রভুতে নির্ভর করে, সে দয়াতে বেষ্টিত হইবে।

11 ধার্মিকগণ, সদাপ্রভুতে আনন্দ কর, উল্লাস কর;

হে সরলচিত্ত সকলে, তোমরা আনন্দ ধ্বনি কর।