36

প্রধান বাদ্যকরের জন্য। সদাপ্রভুর দাস দায়ূদের।

1 দুষ্টের হৃদয়মধ্যে অধর্ম তাহার কাছে কথা বলে,

ঈশ্বর-ভয় তাহার চক্ষুর অগোচর।

2 সে নিজের দৃষ্টিতে আত্মশ্লাঘা করিয়া বলে,

আমার অধর্ম আবিষ্কৃত ও ঘৃণিত হইবে না।

3 তাহার মুখের বাক্য অধর্ম ও ছলমাত্র;

সে সুবিবেচনা ও সদাচরণ ত্যাগ করিয়াছে।

4 সে আপন শয্যাতে অধর্ম কল্পনা করে,

সে কুপথে দাঁড়াইয়া থাকে, সে দুষ্কর্ম ঘৃণা করে না।

5 সদাপ্রভু, তোমার দয়া আকাশমণ্ডলে ব্যাপ্ত,

তোমার বিশ্বস্ততা গগনস্পর্শী।

6 তোমার ধর্মশীলতা ঈশ্বরের পর্বতসমূহের তুল্য,

তোমার শাসন সকল মহাজলধিস্বরূপ;

সদাপ্রভু, তুমি মনুষ্য ও পশু রক্ষা করিয়া থাক।

7 হে ঈশ্বর, তোমার দয়া কেমন বহুমূল্য!

মনুষ্য-সন্তানবর্গ তোমার পক্ষচ্ছায়ার নিচে শরণ লয়।

8 তাহারা তোমার গৃহের পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয়,

তুমি তাহাদিগকে তোমার আনন্দ নদীর জল পান করাইয়া থাক।

9 কারণ তোমারই কাছে জীবনের উনুই আছে;

তোমারই দীপ্তিতে আমরা দীপ্তি দেখিতে পাই।

10 যাহারা তোমাকে জানে, তুমি তাহাদের প্রতি তোমার দয়া,

ও সরলচিত্তদের প্রতি তোমার ধর্মশীলতা চিরস্থায়ী কর।

11 অহঙ্কারের চরণ আমার নিকটে না আইসুক,

দুষ্টদের হস্ত আমাকে তাড়াইয়া না দিউক।

12 ঐ যে অধর্মাচারিগণ পতিত হইল;

অধঃক্ষিপ্ত হইল, আর উঠিতে পারিবে না।