4

প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। দায়ূদের সঙ্গীত।

1 হে আমার ধার্মিকতার ঈশ্বর,

আমি ডাকিলে আমাকে উত্তর দেও।

সঙ্কটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়াছ;

আমাকে দয়া কর, আমার প্রার্থনা শুন।

2 হে মানব-সন্তানগণ কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে,

অলীকতা ভালবাসিবে, ও মিথ্যা কথার অন্বেষণ করিবে? [সেলা]

3 তোমরা জানিও সদাপ্রভু সাধুকে ৪:৩ (বা) আপনার অনুগ্রহ-পাত্রকে

আপনার নিমিত্ত পৃথক করিয়া রাখিয়াছেন;

আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন।

4 তোমরা ভয় কর, পাপ করিও না,

তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ, ও নীরব হও। [সেলা]

5 তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ কর,

আর সদাপ্রভুতে বিশ্বাস রাখ।

6 অনেকে বলে, কে আমাদিগকে মঙ্গল দেখাইবে?

হে সদাপ্রভু আমাদের প্রতি নিজ মুখের দীপ্তি উদিত কর।

7 তুমি আমার অন্তঃকরণে এমন আহ্লাদ দিয়াছ,

যাহা উহাদের গোধূম ও দ্রাক্ষারসের বাহুল্যকালেও হয় না।

8 আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব;

কেননা, হে সদাপ্রভু, তুমিই একাকী ৪:৮ (বা) বিরলেও

আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ।