45

প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শোশন্নীম। কোরহ-সন্তানদের। মস্কীল। প্রেম-গীত।

1 আমার হৃদয়ে শুভকথা উথলিয়া উঠিতেছে;

আমি রাজার বিষয়ে আপন রচনা বিবৃত করিব;

আমার জিহ্বা দ্রুত লেখকের লেখনীস্বরূপ।

2 তুমি মনুষ্য-সন্তানগণ অপেক্ষা পরম সুন্দর;

তোমার ওষ্ঠাধরে অনুগ্রহ সেচিত হয়;

এই নিমিত্ত ঈশ্বর চিরকালের জন্য তোমাকে আশীর্বাদ করিয়াছেন।

3 হে বীর, তোমার খড়্‌গ কটিদেশে বন্ধন কর,

তোমার প্রভা ও প্রতাপ [গ্রহণ কর]।

4 আর স্বীয় প্রতাপে কৃতকার্য হও, বাহনে চড়িয়া যাও,

সত্যের ও ধার্মিকতাযুক্ত নম্রতার পক্ষে,

তাহাতে তোমার দক্ষিণ হস্ত তোমাকে ভয়াবহ কার্য শিখাইবে।

5 তোমার বাণ সকল তীক্ষ্ম,

জাতিরা তোমার নিচে পতিত হয়,

রাজার শত্রুগণের হৃদয় বিদ্ধ হয়।

6 হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকালস্থায়ী,

তোমার রাজদণ্ড সরলতার দণ্ড।

7 তুমি ধার্মিকতাকে প্রেম করিয়া আসিতেছ,

দুষ্টতাকে ঘৃণা করিয়া আসিতেছ;

এই কারণ ঈশ্বর, তোমার ঈশ্বর,

তোমাকে অভিষিক্ত করিয়াছেন তোমার সখাগণ অপেক্ষা

অধিক পরিমাণে আনন্দতৈলে।

8 গন্ধরস, অগুরু ও দারুচিনিতে তোমার সকল বস্ত্র সুবাসিত হয়,

হস্তিদন্তময় প্রাসাদসমূহ হইতে তারযুক্ত যন্ত্র সকল

তোমাকে আনন্দিত করিয়াছে।

9 তোমার মহিলারত্নদের মধ্যে রাজকন্যারা আছেন,

তোমার দক্ষিণ দিকে দাঁড়াইয়া আছেন রাণী,

ওফীরীর সুবর্ণে ভূষিতা।

10 বৎস, শ্রবণ কর, দেখ, কর্ণপাত কর;

তোমার জাতি ও তোমার পিতৃকুল ভুলিয়া যাও।

11 তাহাতে রাজা তোমার সৌন্দর্য বাসনা করিবেন;

কেননা তিনিই তোমার প্রভু,

তুমি তাঁহার কাছে প্রণিপাত কর।

12 সোর-কন্যা উপঢৌকন লইয়া আসিবেন,

ধনী প্রজারা তোমার কাছে বিনতি করিবেন।

13 রাজকন্যা অন্তঃপুরে সর্বতোভাবে সুশোভিতা;

তাঁহার পরিচ্ছদ স্বর্ণসূত্র-খচিত।

14 তিনি সূচীশিল্পিত বস্ত্র পরিয়া রাজার নিকটে আনীতা হইবেন,

তাঁহার পশ্চাদ্বর্তিনী সহচরী কুমারীদিগকে তোমার নিকটে লওয়া যাইবে।

15 তাহারা আনন্দে ও উল্লাসে আনীতা হইবে,

তাহারা রাজপ্রাসাদে প্রবেশ করিবে।

16 তোমার পিতৃগণের পরিবর্তে তোমার পুত্রেরা থাকিবে;

তুমি তাহাদিগকে সমস্ত পৃথিবীতে অধ্যক্ষ করিবে।

17 আমি তোমার নাম সমস্ত পুরুষপরম্পরায় স্মরণ করাইব,

এই জন্য জাতিরা যুগে যুগে চিরকাল তোমার স্তব করিবে।