46

প্রধান বাদ্যকরের জন্য। কোরহ-সন্তানদের। স্বর, অলামোৎ। গীত।

1 ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল।

তিনি সঙ্কটকালে অতি সুপ্রাপ্য সহায়।

2 অতএব আমরা ভয় করিব না-

যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়,

যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে।

3 তাহার জল গর্জন করুক, উচ্চণ্ড হউক,

তাহার আস্ফালনে পর্বতগণ কম্পিত হউক। [সেলা]

4 এক নদী আছে তাহার প্রণালী সকল ঈশ্বরের নগরকে,

পরাৎপরের আবাসের পবিত্র স্থানকে আনন্দিত করে।

5 ঈশ্বর তাহার মধ্যবর্তী, তাহা বিচলিত হইবে না;

প্রভাতেই ঈশ্বর তাহার সাহায্য করিবেন।

6 জাতিগণ গর্জন করিল, রাজ্য সকল বিচলিত হইল;

তিনি আপন রব ছাড়িলেন, পৃথিবী গলিয়া গেল।

7 বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী;

যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ। [সেলা]

8 চল, সদাপ্রভুর কার্যকলাপ সন্দর্শন কর,

যিনি পৃথিবীতে ধ্বংস সাধন করিলেন।

9 তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত যুদ্ধ নিবৃত্ত করেন;

তিনি ধনু ভগ্ন করেন, বর্শা খণ্ড খণ্ড করেন,

তিনি রথ সকল আগুনে পোড়াইয়া দেন।

10 তোমরা ক্ষান্ত হও; জানিও, আমিই ঈশ্বর;

আমি জাতিগণের মধ্যে উন্নত হইব,

আমি পৃথিবীতে উন্নত হইব।

11 বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী;

যাকোবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ। [সেলা]