47

প্রধান বাদ্যকরের জন্য। কোরহ-সন্তানদের সঙ্গীত।

1 হে সমুদয় জাতি, করতালি দেও;

আনন্দরবে ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি কর।

2 কেননা পরাৎপর সদাপ্রভু ভয়াবহ,

তিনি সমস্ত পৃথিবীর উপরে মহান রাজা।

3 তিনি লোকবৃন্দকে আমাদের অধীন করেন,

জাতিগণকে আমাদের পদতলস্থ করেন।

4 তিনি আমাদের জন্য আমাদের

অধিকার মনোনীত করেন;

তাহা যাকোবের শ্লাঘার বিষয়,

যাহাকে তিনি প্রেম করিলেন। [সেলা]

5 ঈশ্বর জয়ধ্বনি পূর্বক,

সদাপ্রভু তূরীধ্বনি পূর্বক, ঊর্ধ্বগমন করিলেন।

6 ঈশ্বরের উদ্দেশে স্তব কর, স্তব কর;

আমাদের রাজার উদ্দেশে স্তব কর, স্তব কর।

7 কেননা ঈশ্বর সমস্ত পৃথিবীর রাজা;

বুদ্ধি সহযোগে স্তব কর।

8 ঈশ্বর জাতিগণের উপরে রাজত্ব করেন;

ঈশ্বর আপন পবিত্র সিংহাসনে উপবিষ্ট।

9 জাতিগণের প্রধানেরা একত্র হইয়াছেন,

অব্রাহামের ঈশ্বরের প্রজা হইবার উদ্দেশে;

কারণ পৃথিবীর ঢাল সকল ঈশ্বরের;

তিনি অতিশয় উন্নত।