53

প্রধান বাদ্যকরের জন্য। স্বর, মহলৎ। দায়ূদের মস্কীল।

1 মূঢ় মনে মনে বলিয়াছে, ‘ঈশ্বর নাই’।

তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্হ অধর্ম করিয়াছে;

সৎকর্ম করে, এমন কেহ নাই।

2 ঈশ্বর স্বর্গ হইতে মনুষ্য-সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন,

দেখিতে চাহিলেন, বিবেচক কেহ আছে কিনা,

ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কি না।

3 সকলে বিপথে গিয়াছে, একসঙ্গে বিকারপ্রাপ্ত হইয়াছে;

সৎকর্ম করে, এমন কেহ নাই, একজনও নাই।

4 অধর্মাচারীদের কি কিছুই জ্ঞান নাই?

তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায় আমার প্রজাগণকে গ্রাস করে,

আর ঈশ্বরকে ডাকে না।

5 ভয়শূন্য স্থানে তাহারা বড়ই ভয় পাইল;

কেননা যাহারা তোমাকে অবরোধ করে,

ঈশ্বর তাহাদের অস্থি ছড়াইয়া ফেলিলেন,

তুমি তাহাদিগকে লজ্জা দিয়াছ,

কারণ ঈশ্বর তাহাদিগকে অগ্রাহ্য করিয়াছেন।

6 আহা! ইস্রায়েলের পরিত্রাণ সিয়োন হইতে উপস্থিত হউক;

ঈশ্বর যখন আপন প্রজাদের বন্দিদশা হইতে ফিরাইয়া আনিবেন,

তখন যাকোব উল্লসিত হইবে, ইস্রায়েল আনন্দ করিবে।