54

প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। দায়ূদের মস্কীল। যৎকালে সীফীয়েরা আসিয়া শৌলকে কহিল, ‘দায়ূদ কি আমাদের মধ্যে লুক্কায়িত নাই?’ তৎকালীন।

1 ঈশ্বর, তোমার নামে আমাকে পরিত্রাণ কর,

তোমার পরাক্রমে আমার বিচার নিষপন্ন কর।

2 হে ঈশ্বর, আমার প্রার্থনা শুন,

আমার মুখের বাক্যে কর্ণপাত কর।

3 কেননা অপরিচিত লোকেরা আমার বিপক্ষে উঠিয়াছে,

দুর্দান্ত লোকেরা আমার প্রাণের অন্বেষণ করিয়াছে;

তাহারা ঈশ্বরকে সম্মুখে রাখে নাই। [সেলা]

4 দেখ, ঈশ্বর আমার সাহায্যকারী;

প্রভু আমার প্রাণরক্ষকদের মধ্যবর্তী।

5 তিনি অমঙ্গল আমার গুপ্ত শত্রুদের কাছে ফিরাইয়া দিবেন;

তুমি আপন সত্যে তাহাদিগকে সংহার কর।

6 আমি তোমার উদ্দেশে স্ব-ইচ্ছার বলি উৎসর্গ করিব;

হে সদাপ্রভু, তোমার নামের স্তব করিব, কেননা তাহা উত্তম।

7 কারণ তিনি আমাকে সমস্ত সঙ্কট হইতে উদ্ধার করিয়াছেন,

এবং আমার চক্ষু আমার শত্রুগণের দশা দেখিয়াছে।