55

প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। দায়ূদের মস্কীল।

1 হে ঈশ্বর, আমার প্রার্থনায় কর্ণপাত কর,

আমার বিনতি হইতে লুকাইও না।

2 আমার প্রতি অবধান কর,

আমাকে উত্তর দেও;

আমি ভাবনায় অস্থির হইতেছি, কোঁকাইতেছি,

3 শত্রুর রব হেতু, দুর্জনের অত্যাচার হেতু;

কেননা তাহারা আমাতে অধর্ম আরোপ করে,

ক্রোধে আমাকে তাড়না করে।

4 আমার অন্তরে চিত্ত বড়ই ব্যথিত হইতেছে;

মৃত্যুর ত্রাস আমাকে আক্রমণ করিয়াছে।

5 ভয় ও কম্প আমাতে প্রবেশ করিয়াছে,

আমি মহাত্রাসে আচ্ছন্ন হইয়াছি।

6 আমি কহিলাম, আহা! যদি কপোতের ন্যায় আমার পক্ষ হইত,

তবে আমি উড়িয়া গিয়া সুস্থির হইতাম;

7 দেখ, আমি ভ্রমণ করিয়া দূরে যাইতাম,

প্রান্তরে প্রবাস করিতাম; [সেলা]

8 আমি ত্বরায় রক্ষার্থে পলায়ন করিতাম,

প্রচণ্ড বায়ু ও ঝটিকা হইতে পলায়ন করিতাম।

9 গ্রাস কর, প্রভু, উহাদের জিহ্বা ভিন্ন কর;

কেননা আমি নগরে দৌরাত্ম্য ও কলহ দেখিয়াছি।

10 তাহারা দিবারাত্র প্রাচীরের উপর দিয়া নগর প্রদক্ষিণ করে,

আর অধর্ম ও অন্যায় তন্মধ্যে রহিয়াছে।

11 তন্মধ্যে দুষ্টতা রহিয়াছে;

উপদ্রব ও ছলনা তাহার চক ত্যাগ করে না।

12 কোন শত্রু যে আমাকে তিরস্কার করিয়াছে তাহা নয়,

করিলে আমি তাহা সহিতে পারিতাম;

বিদ্বেষীও আমার বিরুদ্ধে দর্প করে নাই,

করিলে তাহা হইতে আপনাকে লুকাইতাম।

13 কিন্তু, আমার সমকক্ষ মনুষ্য যে তুমি,

আমার মিত্র ও আমার আত্মীয়, তুমিই তাহা করিয়াছ।

14 আমরা একত্র হইয়া মধুর মন্ত্রণা করিতাম,

আমরা সদলে ঈশ্বরের গৃহে গমন করিতাম।

15 মৃত্যু তাহাদের উপরে হঠাৎ আইসুক;

তাহারা জীবদ্দশায় পাতালে নামুক;

কারণ তাহাদের আলয়ে এবং তাহাদের অন্তরে দুষ্টতা আছে।

16 আমি কিন্তু ঈশ্বরকে ডাকিব,

তাহাতে সদাপ্রভু আমাকে পরিত্রাণ করিবেন।

17 সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করি ও কোঁকাই,

আর তিনি আমার রব শুনেন।

18 তিনি আমার প্রতিকূল যুদ্ধ হইতে আমার প্রাণ কুশলে মুক্ত করিয়াছেন;

কারণ অনেকে আমার বিপক্ষ ছিল!

19 ঈশ্বর শুনিবেন, তাহাদিগকে উত্তর দিবেন;

তিনি চিরকালাবধি সমাসীন। [সেলা]

উহাদের পরিবর্তন হয় নাই,

আর উহারা ঈশ্বরকে ভয় করে না।

20 ঐ ব্যক্তি আপন মিত্রদের বিরুদ্ধে হস্ত তুলিয়াছে,

আপনার নিয়ম লঙ্ঘন করিয়াছে।

21 তাহার মুখ নবনীতের ন্যায় কোমল,

কিন্তু তাহার অন্তঃকরণ যুদ্ধময়;

তাহার বাক্য সকল তৈল অপেক্ষা চিক্কণ,

তথাপি সেই সকল বিকোষিত খড়্‌গস্বরূপ।

22 তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ কর;

তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন,

কখনও ধার্মিককে বিচলিত হইতে দিবেন না।

23 কিন্তু হে ঈশ্বর, তুমিই উহাদিগকে বিনাশের কূপে নামাইবে;

রক্তপাতী ও ছলপ্রিয়েরা আয়ুর অর্ধকালও বাঁচিবে না;

কিন্তু আমি তোমার উপরে নির্ভর করিব।