56

প্রধান বাদ্যকরের জন্য। স্বর, যোনৎ এলম-রহোকীম। দায়ূদের। মিক্‌তাম। যৎকালে পলেষ্টীয়েরা গাতে তাঁহাকে ধরিল, তৎকালীন।

1 হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর,

কেননা মর্ত্য আমাকে গ্রাস করিতে চাহিতেছে;

সে সমস্ত দিন যুদ্ধ করিয়া আমার প্রতি উপদ্রব করে।

2 আমার গুপ্ত শত্রুগণ সমস্ত দিন আমাকে গ্রাস করিতে চাহিতেছে;

কেননা অনেকে সদর্পে আমার বিরুদ্ধে যুদ্ধ করিতেছে।

3 যে সময়ে আমার ভয় লাগে,

আমি তোমাতে নির্ভর করিব।

4 ঈশ্বরে আমি তাঁহার বাক্যের প্রশংসা করিব;

আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না;

মাংসপিণ্ড আমার কি করিতে পারে?

5 তাহারা সমস্ত দিন আমার বাক্য মোচড়ায়;

তাহাদের সমস্ত সঙ্কল্প অনিষ্টের জন্য আমার বিরুদ্ধ।

6 তাহারা একত্র হয়, ঘাঁটি বসায়,

আমার পদচিহ্ন লক্ষ্য করে,

এইরূপে তাহারা আমার প্রাণের অপেক্ষা করিতেছে।

7 অধর্মের দ্বারা তাহারা কি বাঁচিবে?

হে ঈশ্বর, ক্রোধে জাতিগণকে নিপাত কর।

8 তুমি আমার ভ্রমণ গণনা করিতেছ;

আমার নেত্রজল তোমার কুপাতে রাখ;

তাহা কি তোমার পুস্তকে লিখিত নাই?

9 সেই দিন আমার শত্রুগণ ফিরিয়া যাইবে,

যে দিন আমি তোমাকে ডাকি,

আমি ইহা জানি যে, ঈশ্বর আমার সপক্ষ।

10 ঈশ্বরে আমি [তাঁহার] বাক্যের প্রশংসা করিব;

সদাপ্রভুতে [তাঁহার] বাক্যের প্রশংসা করিব।

11 আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না;

মনুষ্য আমার কি করিতে পারে?

12 হে ঈশ্বর, আমি তোমার কাছে মানতে বদ্ধ;

আমি তোমাকে স্তবের উপহার দিব।

13 তুমি ত মৃত্যু হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ,

তুমি কি পতন হইতে আমার চরণ [উদ্ধার কর নাই,]

যেন আমি জীবিতদের দীপ্তিতে ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করি?